পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ মালামাল লুট করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন জেলে আহত হয়েছেন।
আহত জেলেদের মধ্যে জিহাদ, রিপন ও শামিমকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর গুরুতর আহত মাঝি আইয়ুবকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাটি বুধবার ভোর ৪টার দিকে কুয়াকাটার প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় ঘটে। আহত জেলেদের সকলের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়।
ট্রলারের মালিক ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার ১৪ জন জেলে নিয়ে এফবি মিম ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে তীরে ফেরার পথে একটি জলদস্যু ট্রলার এসে তাদের ট্রলারে সজোরে ধাক্কা দেয়। এরপর ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র জলদস্যু দল ট্রলারে উঠে হামলা চালায় এবং মালামাল লুট করে নেয়।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, “ঘটনাস্থলটি নৌ-পুলিশের নিয়মিত টহল এলাকার বাইরে। এরপরও আহত জেলেদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”