নোয়াখালীর মাইজদীতে এক দুবাইপ্রবাসীর বাসায় পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হক ম্যানশনে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন টিটু (৩১) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা অপর তিনজন পালিয়ে যায়। টিটু বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের নুর আলমের ছেলে।
পুলিশ জানায়, চাঁদাবাজির খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় টিটুকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
ভুক্তভোগী নাঈমা আক্তার (১৮) জানান, টিটু ও তার সহযোগীরা অস্ত্রের মুখে তাদের থেকে ১০ লাখ টাকা দাবি করে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয় দেখিয়ে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করে। পরে তারা বাসা থেকে ২৭ হাজার টাকা নিয়ে যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।