সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য জামিনে মুক্ত

তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।

তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য জামিনে মুক্ত

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্টের জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার মামলার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন।

দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। পরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ডিএনএ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।

সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, ‘হাইকোর্টের জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন