নওগাঁর বদলগাছীতে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর (৫০) বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগের পর মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গত সোমবার (৩ আগস্ট) সকালে ভান্ডারপুর এলাকায় আলফা কিন্ডারগার্টেন স্কুলে এই ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ওই দিন বৃষ্টির কারণে বিদ্যালয়ে উপস্থিতি কম ছিল। প্রধান শিক্ষক কাজী দিপু এক ছাত্রীকে জড়িয়ে ধরেন এবং অশ্লীল আচরণ করেন। মেয়েটি ধাক্কা দিয়ে বের হয়ে যান।
ঘটনার পর ওই ছাত্রী বাড়িতে ফিরে বাবা-মাকে জানান। এরপর থেকেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ঘটনায় অভিযুক্ত শফিউল হাসান দিপু পলাতক রয়েছেন।
বিক্ষোভের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ভান্ডারপুর চারমাথা এলাকায় স্থানীয়রা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।
ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।