রাজধানীর ডেমরা এলাকায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে ভোর ৫টার দিকে স্টাফ কোয়ার্টার এলাকার সামনের রাস্তা থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় যে, একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।
এসআই মাহবুর রহমান আরও জানান, আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।