ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার পুলিশ সদস্য। এই ঘটনা ঘটে রোববার (২ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে।
আহত পুলিশ সদস্যরা হলেন বাঞ্ছারামপুর থানার কনস্টেবল মো. ফরহাদ, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলী (রা.)-এর বার্ষিক ওরস চলছিল। সেখানে স্থানীয় মনির নামে এক ব্যক্তি রাজন মিয়ার কাছ থেকে দোকানের জন্য জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন। রোববার রাতে বিদ্যুতের বিল পরিশোধ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা উত্তেজনার দিকে গড়ায়।
পুলিশের উপস্থিতিতে মনির ক্ষুব্ধ হয়ে তার সহযোগীদের নিয়ে হামলা চালায়, যার ফলে চার পুলিশ সদস্য আহত হন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মনিরসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।