রংপুর ও চাঁদপুরে পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের পরও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য থামছে না। শহর থেকে প্রত্যন্ত গ্রামে মাদকের বেচাকেনা বেড়ে গেছে, যা যুব সমাজকে বিপথগামী করছে।
স্থানীয়দের অভিযোগ, মাদকের সহজলভ্যতা কারণে অপরাধ বাড়ছে। রংপুর শহরের কেডিসি, কেরানীপাড়া, ব্যাংকের মোড় ও রাধাবল্লভসহ বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা অবাধে চলছে। ব্যবসায়ীরা উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্তের অন্তত ৩৮টি রুট ব্যবহার করছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, রংপুর অঞ্চলে গত ৬ মাসে মাদকবিরোধী প্রায় ৭ হাজার অভিযানে ৫ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসেনি।
রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী জোবাইদুল ইসলাম বলেন, মামলার দীর্ঘসূত্রতা, আলামত সংরক্ষণে দুর্বলতা এবং সাক্ষীর অভাবে অপরাধীরা সহজেই জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, চাঁদপুরে চিহ্নিত ১৫টি মাদকের হটস্পট রয়েছে। চলতি বছরের ৬ মাসে ৮০৬টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে, যার ফলে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুশীল সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, শুধুমাত্র অভিযান নয়, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ ও অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ জরুরি।