বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার নতুন তথ্য প্রকাশ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে পুলিশ।

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার নতুন তথ্য প্রকাশ

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, মাদক সেবনে বাধা দেওয়া এবং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে চার হত্যার দায় স্বীকার করেছেন। উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বুধবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সনাতন চক্রবর্তী বলেন, ‘হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ফরেনসিকসহ তদন্তের সব প্রতিবেদন পর্যালোচনা করে মামলার অভিযোগপত্র দেওয়া হবে।’ তিনি আরও জানান, ঘটনার দিন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস ওই ভবনের ছাদে মাদক সেবন করছিলেন। নিহত পরিবারের সদস্যদের সঙ্গে তাদের বিরোধ হলে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর আসামিরা ঘটনাস্থল থেকে বেরিয়ে নতুন টাকা দিয়ে একটি দোকানে কেনাকাটা করতে যান। তাদের গতিবিধি ও কেনাকাটার সূত্র ধরে পুলিশ তাদের শনাক্ত করে। পরে সিদ্ধার্থ দাসকে তার বাড়ি থেকে আটক করা হয় এবং মুগ্ধ দাসকে শ্মশান এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

সনাতন চক্রবর্তী জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা, তা স্পষ্ট করে জানিয়েছে পুলিশ। ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষ ও পারিপার্শ্বিক সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতির বিষয়ে সনাতন চক্রবর্তী বলেন, ‘সব তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।’

গত শনিবার রংপুর জেলা শহরের মাছুয়াপাড়া এলাকার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন