রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। সংগঠনটি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করার আহ্বান জানায়।
শুক্রবার বিকেলে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ১৬ সদস্যের প্রতিনিধি দল এই দাবি জানায়। তারা জানান, আলোচিত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্তের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, নিহতদের বাড়ির গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের সুযোগ না পাওয়ার অভিযোগ রয়েছে। তারা বলেন, হত্যাকাণ্ডের প্রতিটি বিষয় খতিয়ে দেখতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকেও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার সাহা বলেন, ‘সাবেক একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।’
অ্যাডভোকেট জয়া দত্ত ভট্টাচার্য বলেন, ‘এ হত্যাকাণ্ডের তদন্তে কোনো ধরনের গরমিল বা প্রশ্ন তৈরি হওয়া উচিত নয়। মামলাটি যেন কোনোভাবেই ‘জজ মিয়ার নাটকে’ পরিণত না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।’
গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনজীবীরা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তদন্তের প্রতিটি ধাপ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার দাবি জানিয়েছেন।