শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু হয়েছে।

কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আজ শুক্রবার সকাল ৮টা থেকে স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে বাড়িঘর পানিতে ডুবে যাওয়া ও ভাঙন রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।

এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৬.০১ ফুট এমএসএল-এ পৌঁছালে একইভাবে জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়।

পানির উচ্চতা পরিস্থিতি বিবেচনায় জলকপাটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হয়েছিল। একপর্যায়ে প্রতিটি গেট ৩ ফুট পর্যন্ত খোলা হয়, যার ফলে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল।

বর্তমানে আবারও কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় জলকপাটগুলো খুলে দেওয়া হয়েছে। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, ‘বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।’

কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণসীনা ১০৯ ফুট এমএসএল। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন করা হচ্ছে।

বিজ্ঞাপন