সাজেকের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রাঙামাটির পুলিশ সুপার আবদুর রকিব বৃহস্পতিবার বেলা আড়াইটায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ব্রিফিংয়ে তিনি বলেন, চলমান অবরোধের মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো পর্যটকদের ওপর হামলা চালিয়েছে। তবে সেনা ও পুলিশ বাহিনী দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
পুলিশ সুপার জানান, ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাজেক গণহিতে রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন অবরোধ ঘোষণা করেছিল। দুর্গাপূজা উপলক্ষে ১১ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই অবরোধ কিছুটা শিথিল করা হয়। কিন্তু ২১ তারিখে পুনরায় অবরোধ ঘোষণা করা হলে পর্যটকরা আটকা পড়েন।
তিনি বলেন, সেনা ও পুলিশ প্রহরায় সকাল ৯টায় পর্যটকদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। পর্যটকদের বহরটি সকাল ১০টার দিকে উজানেরবাজারে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে।
তবে অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর কথায় কর্ণপাত না করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পাল্টা গুলি চালায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন।
পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। দীর্ঘ গোলাগুলির পর দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে সাজেকের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।