বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, পর্যটকদের সরানো হলো

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর তিন হাজার পর্যটককে খাগড়াছড়িতে সরানো হয়েছে।

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, পর্যটকদের সরানো হলো

রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই সংঘর্ষের মধ্যে নিরাপত্তার স্বার্থে তিন হাজারের বেশি পর্যটককে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সহায়তায় ফাঁকা গুলি ছুঁড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে আটকা পড়া পর্যটকদের গাড়িবহর নিরাপদে সাজেক এলাকা অতিক্রম করে। রাঙামাটির পুলিশ সুপার (এসপি) আবদুর রকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাজেক সড়কে অবরোধ পালনকারীরা প্রতিবন্ধকতা তৈরি করলে পর্যটকদের ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তার বলয় তৈরি করা হয়। একপর্যায়ে সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।

সকাল সাড়ে আটটার মধ্যে প্রশাসন পর্যটকদের এলাকা ত্যাগের নির্দেশ দেয়। তবে, অনেক পর্যটক খাগড়াছড়িতে এসে সাজেকে যেতে না পেরে ভোগান্তিতে পড়েন।

রাঙামাটি জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে। গণ অধিকার রক্ষা কমিটি ও কারবারী অ্যাসোসিয়েশন তিন দফা দাবিতে সাজেকে অবরোধ চালিয়ে যাচ্ছে। তবে জরুরি সেবা, যেমন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে নেতারা উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন