রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রশাসনের আশ্বাসে স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে তারা কাজে ফিরবেন। বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, পাঁচ দফা দাবিতে গত দুদিন ধরে আন্দোলন করছিলেন ইন্টার্ন চিকিৎসকেরা। কর্মবিরতি স্থগিতের ঘোষণায় রোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে, কারণ এই কর্মবিরতির কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল।
দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা এই অবস্থায় ভোগান্তিতে পড়েছিলেন। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, নিরাপত্তাহীনতা এবং অব্যবস্থাপনার কারণে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
তারা দাবি করেন, অবজারভেশন রুম ও ক্যাজুয়ালিটি বিভাগ চালু করে ওয়ার্ডে রোগীর চাপ কমানোর প্রয়োজন। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের সংকট চরম আকার ধারণ করেছে। নিরাপত্তার অভাব এবং আনসার সদস্যদের অবহেলা তাদের নিয়মিত কাজের সময় হুমকির মুখে ফেলছে।