রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা সামগ্রীর সংকট ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
আজ বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় রাজশাহীর ইন্টার্ন ডক্টর সোসাইটি। কর্মবিরতির ফলে হাসপাতালের চিকিৎসা সেবার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনেরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।
ইন্টার্ন ডক্টর সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মুশফিকুর রহমান কর্মবিরতির তথ্য নিশ্চিত করেন। আন্দোলনরত চিকিৎসকেরা জানান, হাসপাতালে ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে।
তারা আরও জানান, রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হচ্ছে।
হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। ফলে সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় ইন্টার্ন চিকিৎসকেরা বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।