বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর পর সংঘর্ষের অভিযোগে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এই কর্মবিরতির ফলে সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
মঙ্গলবার রাতের ঘটনায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে ৬ চিকিৎসকসহ অন্তত ১২ জন আহত হন। পুলিশ জানায়, ভুল চিকিৎসার অভিযোগে স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ ঘটে।
ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতেই ৬ জনকে আটক করে। ইন্টার্ন চিকিৎসক রিতুল মণ্ডল জানান, হামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে তারা মঙ্গলবার রাতেই কর্মবিরতির ঘোষণা দেন।
তিনি বলেন, "আমাদের ৩ দফা দাবি পূরণ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। দোষীদের গ্রেপ্তার করতে হবে।"