কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বুধবার সকালে সারের দাবিতে কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন যে, আজ সার বিতরণ করা হবে না।
এতে কৃষকরা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন, যার ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনও ঘটনাস্থলে উপস্থিত হন। ইউএনও সার বিতরণের আশ্বাস দিলে কৃষকরা সড়কের অবরোধ তুলে নেন।
পরে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসারের উপস্থিতিতে সার বিতরণ শুরু হয়। মেসার্স রাকিবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী হয়রত আলী জানান, ‘সর্বশেষ ডিও লেটার অনুযায়ী আমি ডিএপি সার ২৩৫ বস্তা, টিএসপি ৯৫ বস্তা ও এমওপি ৯০ বস্তা উত্তোলন করি। বুধবার সার বিতরণের কথা ছিল না।’
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ‘রাকিবুল ট্রেডার্স ডিলার পয়েন্টে সার বিতরণের দিন ধার্য ছিল না। তবে কৃষক বিশৃঙ্খলা করায় প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্টে সার বিতরণ করা হয়েছে।’
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে এবং উপজেলায় কোনো সারের সংকট নেই।’