সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুড়িগ্রামে কৃষকদের বিক্ষোভ, গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার লুট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকরা গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার লুট করেছে।

কুড়িগ্রামে কৃষকদের বিক্ষোভ, গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার লুট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ডিলারের গুদাম ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার লুট করেছে বিক্ষুব্ধ কৃষকরা। রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল এক হাজার ৩২০ বস্তা ইউরিয়া সার বরাদ্দ পেয়েছিলেন, যার মধ্যে গুদামে মজুদ ছিল ৩৪০ বস্তা। তবে কৃষকদের অভিযোগ, সারের বরাদ্দ থাকা সত্ত্বেও তাদের দিতে গড়িমসি করা হচ্ছিল।

রবিবার সকালে দুই শতাধিক কৃষক সারের জন্য ডিলার পয়েন্টে জড়ো হন। দীর্ঘ অপেক্ষার পর ডিলার পয়েন্ট না খোলায় তারা গুদামের দরজা ভেঙে ৫০ কেজি ওজনের ১৯৭ বস্তা বা ৯ হাজার ৮৫০ কেজি ইউরিয়া সার নিয়ে যান।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন জানান, ওই ইউনিয়নে চাহিদা প্রায় ৪ হাজার বস্তা সার, কিন্তু বরাদ্দ ছিল এক হাজার ৩২০ বস্তা।

তিনি বলেন, "কৃষকরা সার না পাওয়ার শঙ্কা থেকে গুদাম থেকে সারের কিছু অংশ নিয়ে গেছে।" উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, আগস্ট মাসে ইউরিয়া সারের চাহিদা ছিল ৬৮০ মেট্রিক টন এবং তা বিতরণ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, "শিলখুড়ি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে সার বিতরণ চলছিল। কিছু উচ্ছৃঙ্খল মানুষ সার লুট করে নিয়ে গেছে।" তিনি আরও জানান, ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছেন এবং বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন