সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কৃষকদের বিক্ষোভ: গুদাম থেকে ১৯৭ বস্তা সার লুট

কৃষকরা সার না পেয়ে গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে যায়, পুলিশ উদ্ধার করেছে ৬৭ বস্তা।

কৃষকদের বিক্ষোভ: গুদাম থেকে ১৯৭ বস্তা সার লুট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকরা সার না পেয়ে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেছে। রবিবার দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের ডিলার তাইফুর রহমান মুকুল কৃষকদের জন্য পর্যাপ্ত সার বরাদ্দ পেলেও বিতরণে গড়িমসি করেন। তার মোট বরাদ্দ ছিল ১৩২০ বস্তা, কিন্তু গুদামে মজুদ ছিল মাত্র ৩৪০ বস্তা।

আজ সকাল থেকে দুই শতাধিক কৃষক সারের জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ডিলার পয়েন্ট না খোলায় তারা গুদামের দরজা ভেঙে ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের মালিক তাইফুর রহমান মুকুল বলেন, ‘আমি সর্বশেষ ৩৪০ বস্তা সার উত্তোলন করি। বিপুল সংখ্যক কৃষক উপস্থিত হলে তারা গুদামঘরের দরজা ভেঙে ২০২ বস্তা সার নিয়ে যায়।’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন জানান, ওই ইউনিয়নে সার চাহিদা প্রায় ৪ হাজার বস্তা, কিন্তু বরাদ্দ ছিল ১৩২০ বস্তা। কৃষকরা সার না পাওয়ার শঙ্কায় গুদাম থেকে সার নিয়ে যায়। পুলিশ এসে ৬৭ বস্তা সার উদ্ধার করেছে এবং বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন