হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ বাঁধ দেড় মাসের ব্যবধানে ফের ভেঙে গেছে। খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাঁধটি ভেঙে লোকালয়ে পানি প্রবাহিত হচ্ছে।
রোববার দুপুরে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে পানির স্রোতে কালীগঞ্জ বাঁধ ভেঙে যায় এবং দ্রুত বেগে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে, গত ৯ জুলাই একই বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড মেরামত কাজ শুরু করলেও ধীরগতির কারণে কাজ শেষ হয়নি।
এখন আবার ভাঙনে কৃষিজমি ও বসতভিটার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, দ্রুত মেরামত কাজ সম্পন্ন করা প্রয়োজন।