হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় তিনি নিজেই ফেসবুক লাইভের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
মাহদী হাসান অভিযোগ করেন, তিনি শহরের বাদৈই এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের টিনের চালে পেট্রোল বোমা সদৃশ কিছু নিক্ষেপ করা হয়, যার ফলে ঘরের বাইরের অংশে আগুন ধরে যায়। স্থানীয়দের সহায়তায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন তারা।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি। বরং মাহদীর বাসা থেকে কয়েক গজ দূরে তার চাচার বাসায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।