নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চেয়ার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নদোনা মাঠে মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এই ঘটনা ঘটে।
ফাইনাল খেলায় কুমিল্লার লাঙ্গলকোট খোকন একাডেমি ১-০ গোলে সোইমুড়ীর দক্ষিণ শাকতলা এস এস তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে পরাজিত দলের সমর্থকরা রেফারিকে শারীরিকভাবে হেনস্তা করেন। এরপর বিজয়ী ও পরাজিত দলের সমর্থকদের মধ্যে চেয়ার নিয়ে হাতাহাতি শুরু হয়।
মারামারির সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় পুরস্কার বিতরণ মঞ্চ থেকে মাইকে দুপক্ষের সমর্থকদের শান্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়, তবে তারা থামেনি।
সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জয়-জরাজয় খেলার অংশ। পরাজিত হলে তা মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে।’ তিনি খেলাধুলার উন্নয়নে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন এবং প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা জানান।
সোইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, ‘হাতাহাতি ও চেয়ার নিয়ে মারামারির ঘটনায় কেউ আহত হয়নি এবং থানায় কোনো অভিযোগও দায়ের হয়নি।’