গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে কুলখানির খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১১৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার সন্ধ্যায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নভেম্বর রাত ১১টার দিকে বোনারপাড়া ইউনিয়নের কালপানি এলাকার আব্দুল বাবলু ব্যাপারীর ছেলে জাহিদুল ইসলাম রংপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে মঙ্গলবার সকালে কালপানি নয়াপাড়া গ্রামে কুলখানির আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, কুলখানির খাবার খাওয়ার পর অতিথিদের মধ্যে একে একে অসুস্থতা দেখা দেয়। প্রথমে তাদের পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হয়। পরে অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকে। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
কুলখানির খাবার খেয়ে অসুস্থ আশিক মিয়া বলেন, ‘মজলিস থেকে আসার পর আমার পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। আমার মনে হয়, খাবারের সমস্যার কারণেই এমনটি হয়েছে।’
স্থানীয় ইউপি সদস্য আফতাব আলী বলেন, ‘কুলখানির আয়োজনে যাওয়ার পর আমিও অসুস্থ হয়ে পড়েছি। প্রায় এক হাজার মানুষের আয়োজন ছিল। আমি অনেকের খোঁজখবর নিয়েছি। তাদের অনেকেই অসুস্থ। আমার ধারণা, কয়েক শ মানুষ অসুস্থ হয়েছেন। অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ কেউ বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এত মানুষের আয়োজন করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। অবশ্যই তাদের আরও সতর্কতার সঙ্গে আয়োজন করা উচিত ছিল।’
ডা. মো. ইলতুতমিশ আকন্দ জানান, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোগীদের চিকিৎসার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বিতরণের জন্য ২০০টি স্যালাইন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়েছে।