শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. রায়হান খানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান খানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং। অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার এবং মো. আমজাদ হোসেন।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থী মো. রায়হান খান বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে প্রশাসন এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন