ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় একজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করে যে, নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। তারা জানায়, কেউ পরিকল্পিতভাবে ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যাম্পাসের নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
এ বিষয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভায় অন্যান্য উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) ও অন্যান্য সংশ্লিষ্টরা।