ঝিনাইদহে বৈধ কাগজপত্রবিহীন একটি সারবোঝাই ট্রাক আটক করেছে স্থানীয়রা। ট্রাকটি যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় ৪২০ বস্তা টিএসপি সার নিয়ে যাচ্ছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করা হয়। তবে, ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। রাত ১১টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সদস্যরা ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় হেফাজতে রেখেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, 'রাজবাড়ি-ট-১১-০১৪১' রেজিস্ট্রেশন নাম্বারের ট্রাকটি সারবোঝাই করে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। স্থানীয়রা ট্রাকটি থামিয়ে সারের বৈধতা সম্পর্কে জানতে চাইলে চালকরা কোন মেমো বা চালান দেখাতে পারেননি।
পরে স্থানীয়রা জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে খবর দেয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে ট্রাকটি হেফাজতে নেয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আসাদউজ্জামানকে জানাতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, স্থানীয়রা সারবোঝাই ট্রাক আটক করেছে এমন সংবাদ পেয়েছি। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গেছে এবং তারা সব খোঁজখবর নিচ্ছেন।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন জানান, ইউএনও এবং কৃষি অফিসারকে সারের কাগজপত্র যাচাই করতে বলা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর যদি সেগুলি অবৈধ প্রমাণিত হয়, তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।