বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের জন্য আজ (স্থানীয় সময়) বেলা ১২ টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। তিনি তিন দিনের সরকারি সফরে রয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২ টা ৪০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছায়।

ইস্তাম্বুলে যাত্রা বিরতি শেষে প্রধানমন্ত্রী আন্তালিয়ার উদ্দেশ্যে বিকেল ৩টায় রওনা করবেন। সফরের প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

কপ-৩১ সম্মেলন ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী ১২ নভেম্বর বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বক্তব্য দেবেন।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের সাফল্যও সম্মেলনে তুলে ধরবে এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় করবে।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে, যেখানে পাটের বহুমুখী ব্যবহার ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে, যাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা রয়েছেন।

প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা আগামী শুক্রবার।

বিজ্ঞাপন