বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী কপ–৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ–৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী কপ–৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ–৩১ সম্মেলনে যোগ দিতে আজ (স্থানীয় সময়) বিকেলে ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে তিনি বেলেক শহরের ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’ পাঁচতারা রিসোর্টে উঠবেন।

প্রধানমন্ত্রী আন্তালিয়ায় অবস্থানকালে সম্মেলনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তিনি ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন এবং জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

এছাড়া, প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে। এসব বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। তাই বাংলাদেশ জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজন অর্থায়ন ও উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট-প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এখানে পাটের বহুমুখী ব্যবহার ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন