জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই নারী আন্তর্জাতিক শূন্যরেখার ওপারে, ভারতের অংশে অবস্থান করছেন।
১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানায়, আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন এবং জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম-ঠিকানা বা পরিচয় সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি এবং অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, 'সীমান্তে একজনকে পুশ-ইনের চেষ্টা করেছে। আমরা সেখানে পাহারায় আছি আগের মতোই। তিনি এখনও ভারতের মধ্যে আছেন, আমরা তাঁকে বাংলাদেশে ঢুকতে দিইনি।'