জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থানরত এক অজ্ঞাত ব্যক্তি টানা দুদিন পর হঠাৎ নিখোঁজ হয়েছেন। বিজিবির ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে ফেরত নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর সীমান্তের ১০৭৮ নম্বর পিলারের কাছে ওই ব্যক্তি গত দুই রাত ধরে অবস্থান করছিলেন। স্থানীয়রা তাকে গতকাল রাতেও সেখানে দেখেছেন, কিন্তু বুধবার ভোর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
১৫ জুন রাতে বিএসএফের সদস্যরা ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশ–ইনের চেষ্টা চালায়। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করেন। তিনি প্রথমে নিজেকে বাংলাদেশি দাবি করলেও পরে পরিচয় নিশ্চিত করতে পারেননি।
স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে ওই যুবক শূন্যরেখায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাকে সেখানে দেখা গেছে, কিন্তু বুধবার সকালে তিনি নিখোঁজ হন।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “আমরা ধারণা করছি বিএসএফ তাকে নিয়ে গিয়েছে। তবুও আমরা বাংলাদেশের সীমান্তে খোঁজ খবর রাখছি।”