মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি তুলা উৎপাদনকারী কারখানায় অতিরিক্ত সময় কাজ করার সময় এক শ্রমিকের ডান হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ‘গুয়াং ঝু হুয়া’ নামক কারখানায় এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম গোলাম (৩৫), যিনি মোংলার চাঁদপাই এলাকার বাসিন্দা এবং ওই কারখানার নিয়মিত শ্রমিক।
দুর্ঘটনার পর গোলামকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় রাত ৪টার দিকে তাকে জরুরি ভিত্তিতে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আজ রাতেই তার মূল অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
শ্রমিকদের অভিযোগ, কোম্পানি পর্যাপ্ত শ্রমিক নিয়োগ না দিয়ে কম জনবল দিয়ে কাজ করাচ্ছিল, ফলে অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি হচ্ছিল। ঘটনার দিন গোলাম মেশিনে আগুন নেভাতে গিয়ে ক্লান্তিবশত তার হাতটি মেশিনের ভেতরে ঢুকে যায় এবং কেটে বিচ্ছিন্ন হয়।
দুর্ঘটনার পর গোলামকে উদ্ধার না করে প্রায় এক ঘণ্টা পর হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোহাম্মদ আবুল বশার জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘ইপিজেড এবং ফ্যাক্টরি কর্তৃপক্ষ যৌথভাবে আহত শ্রমিকের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে। পাশাপাশি এই দুর্ঘটনার জন্য আইন অনুযায়ী তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’