প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ব পরিকল্পনাগুলো বর্তমানে বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি জানান, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন।
আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সালেহ শিবলী। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন।
সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা আজ ভোর ৫টা ৪০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন। তিনি ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনে অংশগ্রহণ করেন, যা ২০ নভেম্বর পর্যন্ত চলবে।
ব্রিফিংয়ে তিনি বলেন, সম্মেলনের গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর, যেখানে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেছেন।
সালেহ শিবলী আরও জানান, প্রধানমন্ত্রীর সফরের সময় বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যা এখনও চলছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে।
প্রেস সচিব প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা নিয়েও কথা বলেন। তিনি জানান, এবার তুরস্ক সফরে মাত্র ২১ জন গেছেন, যা একটি ইতিবাচক দিক।