জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১)-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলন অত্যন্ত ফলপ্রসু হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঋণ পরিবর্তে অনুদান চাওয়া হয়েছে।
রুহুল কবীর রিজভী আরও জানান, প্রধানমন্ত্রীর দেওয়া ৫ প্রস্তাব এই সংকট থেকে উত্তরণে সহায়ক হবে। আগামী দুই একদিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সফরের বিস্তারিত জানানো হবে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিনদিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। সেখানে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)-এ অংশ নেন। সফরে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।