জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১)-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়। এই তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিনদিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। সেখানে তিনি কপ৩১ সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলোতে গুরুত্ব দেন।
এছাড়া তিনি সম্মেলনের গ্রিন জোনে পরিবেশবান্ধব পাটজাত পণ্য প্রদর্শনীর পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।