ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগের পরও অসচেতনতার কারণে রোগীর সংখ্যা বাড়ছে। জরিপে দেখা গেছে, বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ৬০ থেকে ৭০ শতাংশ লার্ভা পাওয়া যাচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, চলতি মাসের পাশাপাশি ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সকালে নগর ভবনে ডেঙ্গু প্রতিরোধ ও ভেক্টর নিয়ন্ত্রণ বিষয়ে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, এডিস মশার বৃদ্ধির জন্য নগরবাসীকে বেশিরভাগ দায় নিতে হবে। তারা প্রয়োজন হলে কঠোর আইন প্রয়োগের পরামর্শ দেন। কীটতত্ত্ববিদ ডা. কবিরুল বাশার জানান, ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে।
তিনি বলেন, “ফগিং থেকে সরে আসা উচিত। এটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এবং উপকারী পতঙ্গগুলোকে নষ্ট করে।” তিনি লার্ভিসাইডিংয়ে খরচ করার পরামর্শ দেন।
ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম দাবি করেন, সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো ঘাটতি রাখছে না। তবে জনগণের সম্পৃক্ততা ছাড়া ফলাফল ভালো হবে না।
তিনি বলেন, “আমরা যদি আরেকটু সচেতন হই, তাহলে ডেঙ্গুর হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে পারি। ৫০ ভাগ দায়িত্ব সিটি করপোরেশনের, আর ৫০ ভাগ দায়িত্ব জনগণের।”
এসময়, ধানমন্ডির মতো অভিজাত এলাকাতেও এডিস মশার লার্ভা পাওয়ার কথা তুলে ধরেন প্রশাসক।