‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ১২ নভেম্বর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
সাহেদের দীর্ঘদিনের কিডনি সমস্যার পাশাপাশি সম্প্রতি স্ট্রোক ও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এ অবস্থায় দ্রুত তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
এরশাদুল হক জানান, সর্বশেষ গুরুতর রক্তক্ষরণ শুরু হলে সাহেদকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় রাখা হয়। একজন চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, কিডনি জটিলতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস-সি ভাইরাসের কারণে লিভারে প্রদাহে ভুগছেন সাহেদ।
এই একাধিক জটিলতা তাঁর শারীরিক পরিস্থিতি আরও সংকটাপন্ন করে তুলেছে। চিকিৎসাও কঠিন হয়ে পড়েছে। কিডনিজনিত সমস্যায় গত চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে সাহেদকে। এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ট্রোক হয়, এরপর থেকে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না।