বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রমজানে ৬২০০ টন খেজুর ও এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

রমজানে ৬২০০ টন খেজুর ও এলএনজি কেনার প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রমজানে ৬২০০ টন খেজুর ও এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবসহ পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ৩৭তম সভায় এই সুপারিশ করা হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি এবং বাণিজ্য মন্ত্রণালয় ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি করে প্রস্তাব উপস্থাপন করা হয়।

সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা ও সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসারে এলএনজি কেনার প্রস্তাবগুলোতে নীতিগত সুপারিশ করেছে কমিটি। এলএনজি কেনার জন্য জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড, সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভের নাম উল্লেখ করা হয়।

এছাড়া, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময় কমানোর প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণে নীতিগত সুপারিশ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় মোবাইল নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন