তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টালগুলোকে সংবাদের মান বজায় রাখার পাশাপাশি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (অনাব)-এর সঙ্গে এক মতবিনিময় সভার পর তিনি ব্রিফিংয়ে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সরকার আশা করে যে অনলাইন পোর্টালগুলো সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিজম নির্মূলে সহায়তা করবে।
তিনি বলেন, "অনলাইন পোর্টালগুলোকে অবশ্যই সংবাদের মানের দিকে লক্ষ্য রাখতে হবে। মান ঠিক না রাখলে পাঠক আগ্রহ হারাবে।" মান বজায় রাখতে হলে দক্ষতা ও যোগ্যতাসম্পন্ন সাংবাদিকদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
এছাড়াও, প্রতিমন্ত্রী যেকোনো কাজের ক্ষেত্রে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি মাথায় রাখার পরামর্শ দেন।