রাজবাড়ী শহরে মঙ্গলবার দুপুরে পান্না চত্বর এলাকায় গুলির ঘটনা ঘটেছে। বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন রিকশায় করে কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা তাদের রিকশার সামনে এসে পথরোধ করে এবং অটোরিকশার যাত্রীরা একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে লিটনের ডান হাতে গুলি লাগে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়।
লিটন দাবি করেছেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করেছেন, তাদের নাম সালেহ আহমেদ সুজন এবং ইনসান।
এদিকে, গত ১৬ অক্টোবর রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে পিয়ারুল নামে এক যুবক নিহত হন। ১১ দিনের ব্যবধানে আবারও গুলির ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আলামত সংগ্রহের কাজ চলছে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।