বাংলাদেশ ব্যাংক পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বিলম্বিত মূল্য পরিশোধের সুবিধা ঘোষণা করেছে।
আজ বুধবার, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। নতুন নির্দেশনায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সেজন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, আমদানিকারকরা পণ্য হাতে পাওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে এর মূল্য পরিশোধ করতে পারবেন। এটি বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে।
আরিফ হোসেন খান আরও বলেন, রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক, তা বাংলাদেশ ব্যাংক চায় না।
গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে এ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।