গাজীপুরে ব্যবসায়িক বিরোধের কারণে চাঁদা না দেওয়ায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বোর্ড বাজারের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির জেলা আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, তিনি গত ১৮ বছর ধরে বোর্ড বাজারে রেস্তোরাঁ ব্যবসা করছেন। কিন্তু পাশের ব্যবসায়ী রেজানুর ইসলাম ও তার নেতৃত্বে একটি চক্র তাকে বিভিন্নভাবে হয়রানি করছে।
তিনি অভিযোগ করেন, গত দুই মাস ধরে তাকে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে তিনি উকিল নোটিশ পাঠালে তারা সমঝোতার প্রস্তাব দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
হাবিবুর রহমান বলেন, অভিযুক্তদের অপতৎপরতার কারণে তিনি গত ১০ আগস্ট ঢাকা মহানগর আদালতে এবং ৭ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলা দোকান মালিক সমিতির সভাপতি নূর এলাহী ও সদস্যসচিব বিল্লাল হোসেনসহ বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকান মালিকরা উপস্থিত ছিলেন।