গাজীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ি থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়।
এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।