গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরিয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের মো. সোলেমান সিকদার (২২) এবং কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার কাওসার হোসেন (২৮)। সোলেমান সিকদার কেরানীগঞ্জে ব্যবসা করতেন, আর কাওসার হোসেন চাকরি করতেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার দুটি মোটরসাইকেলে করে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দেন।
শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।