রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত

গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত

গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছেন অচিন্ত্য কুন্ডু (২৫), উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং ফয়সাল ব্যাপারী (২০)। অচিন্ত্য কুন্ডু মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দিয়াঘাট এলাকার বাসিন্দা, উজ্জ্বল বাড়ৈ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদী গ্রামের এবং ফয়সাল ব্যাপারী একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের।

এসআই শামীম আল মামুন জানান, শুক্রবার রাতে অচিন্ত্য ও উজ্জ্বল রাজৈর থেকে গোপালগঞ্জের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে টেকেরহাটমুখী দ্রুতগতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অচিন্ত্য ঘটনাস্থলেই নিহত হন, এবং উজ্জ্বল ও ফয়সাল গুরুতর আহত হন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত উজ্জ্বল ও ফয়সালকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক উজ্জ্বল বাড়ৈকে মৃত ঘোষণা করেন। অপর আহত ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে, সেখানে যাওয়ার পথে তিনিও মারা যান।

আজ শনিবার সকালে নিহতদের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, জানান এসআই শামীম আল মামুন।

বিজ্ঞাপন