বাগেরহাটে ৪২ বছর বয়সী আইনজীবী নিজাম উদ্দীন শান্তকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১টার দিকে শান্ত শহরের চেম্বার শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের পিঠে ও পাজড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।