রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ২৫ বছর বয়সী যুবক রাব্বী নিহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে ছনটেক প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বী কুমিল্লার মুরাদনগর থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় বসবাস করতেন। নিহতের বাবার নাম হারুন অর রশীদ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অতনু দে জানান, রাব্বী মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ভোরের দিকে ছনটেকের স্বপ্ন সুপার শপের সামনে রাব্বীর মোবাইল ফোন নিয়ে দুই যুবকের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।
দ্বন্দ্বের একপর্যায়ে ওই দুই যুবক রাব্বীর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাব্বী মারা যান। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এসআই অতনু দে বলেন, নিহত রাব্বীর নামে কদমতলী থানায় দুটি মাদক মামলা রয়েছে। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।