রাজধানীর সবুজবাগে কাতার প্রবাসী এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবক সিফাত বান্ধবীর বাসায় বেড়াতে এসেছিলেন। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সবুজবাগের একটি বাসায় ভাড়া থাকেন এক নারী শিক্ষার্থী, যিনি অনলাইন ব্যবসা পরিচালনা করেন। রোববার বিকেলে সেখানে যান সিফাত। এ সময়, এলাকার কয়েকজন যুবক বাসায় ঢুকে সিফাতের ওপর হামলা করে।
ধস্তাধস্তির সময় সিফাত কয়েকজনকে ছুরিকাঘাত করেন। পরে, বাসার নিচে নামলে তাকে কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিফাত যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার বাসিন্দা ছিলেন। তার বান্ধবী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।