মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে প্রেমের বিরোধে যুবকের ছুরিকাঘাতে মৃত্যু

রাজধানীর সবুজবাগে প্রেমের বিরোধে যুবক সিফাতের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।

রাজধানীতে প্রেমের বিরোধে যুবকের ছুরিকাঘাতে মৃত্যু

রাজধানীর সবুজবাগের আদর্শ পাড়া বরইতলা এলাকায় প্রেমের বিরোধের জেরে মো. সাইফ উদ্দিন (সিফাত) নামে ২৮ বছর বয়সী এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সিফাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু ঘটে।

সিফাতকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু হাসান জানান, স্নেহা (ছদ্মনাম) নামের এক মেয়ের প্রেমের কারণে জয়সহ ২-৩ জনের সঙ্গে কথা কাটাকাটির জেরে সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়।

হাসান বলেন, ‘স্নেহার সঙ্গে সিফাতের পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। পরে স্নেহা জয়কে বেছে নেন। আজ সিফাত মোটরসাইকেলে স্নেহার সঙ্গে দেখা করতে গেলে জয় ক্ষিপ্ত হয়ে বন্ধুদের নিয়ে আক্রমণ করে।’

নিহত সিফাতের বাসা দক্ষিণ যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায়। তার বাবার নাম জয়েনাল আবেদীন এবং তিনি একজন ব্যবসায়ী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন