নাটোরে খেজুরের ডাল কাটতে গিয়ে ভীমরুলের আক্রমণের পর চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
রহিমা বেগম নাটোর পৌর শহরের চৌধুরী বড়গাছা মহল্লার বাসিন্দা ছিলেন। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বৃদ্ধা বয়সের কারণে চোখে কম দেখতে পান। গতকাল দুপুর ২টার দিকে তিনি বাড়ির পাশে খেজুরের ডাল কাটতে যান।
কাটার সময় তিনি একটি ডালে থাকা ভীমরুলের চাক দেখতে পাননি। সেই ডালটি কাটার সাথে সাথে ভীমরুলের চাক থেকে অনেক ভীমরুল বের হয়ে তাকে ঘিরে ধরে সারা শরীরে হুল ফোটায়। এ সময় তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে আসেন।
পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বৃদ্ধার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ভীমরুলের বিষের শক্তি অত্যন্ত বেশি এবং এটি প্রাণঘাতী হতে পারে।