কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দারা চরমপন্থী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। গত দুই মাসে অন্তত ৩০টি পরিবারের কাছে চাঁদা চেয়ে চিঠি পাঠানো হয়েছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভয়ে অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন। মিরপুরের পুটিমারী গ্রামে একটি বাড়ি দুই মাস ধরে তালাবদ্ধ রয়েছে। বাড়ির সদস্যরা আত্মীয়দের কাছে আশ্রয় নিচ্ছেন।
মাস দুয়েক আগে অজ্ঞাত ব্যক্তিরা ঘরের দরজায় একটি চিঠি রেখে যায়, যেখানে ২ লাখ টাকা চাওয়া হয়। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর ইশেলমারী বাজার কামিটির সভাপতি আনোয়ার হোসেনের কাছে আরেকটি চিঠি আসে। এভাবে আরও অন্তত ১২ জনের কাছে বিভিন্ন অংকের চাঁদা দাবি করা হয়েছে। কুর্শা, ইশেলমারী, পুটিমারী এবং ভেদামারী গ্রামের ৩০টি পরিবার এ ধরনের চিঠি পেয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, থানায় বেশ কিছু সাধারণ ডায়েরি হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে।
চিঠিতে চাঁদার টাকা পাঠানোর জন্য ওই চার ইউনিয়নের বিভিন্ন বিকাশ এজেন্টের নম্বরও উল্লেখ করা হয়েছে। গেল শতকের আশির দশকে এই এলাকাগুলো চরমপন্থীদের অভয়াশ্রম হিসেবে পরিচিত ছিল।