নেত্রকোণার মোহনগঞ্জে একটি জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় পৌরশহরের টেংগাপাড়া এলাকার একটি ঘরে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—টেংগাপাড়া এলাকার দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩), মো. জিয়া উদ্দিন (৪০), হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান (৪৩), দৌলতপুরের মোহাম্মদ আলী রুবেল (৪৪), পাবই গ্রামের মো. আমীন (৪২), মো. সোহেল রানা (৪৪), ঝিকরওয়ালা গ্রামের মিনামুল (৩৫) ও সহিলদেও গ্রামের কমল মিয়া (৪৩)।
পুলিশের সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন সরকারি চাকরিতে কর্মরত। তরুনুর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসে লিডার পদে, সোহেল রানা বিজিবিতে এবং জিয়া উদ্দিন নির্বাচন অফিসে কর্মরত। এছাড়া, কমল মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদে রয়েছেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। তিনি বলেন, "আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থা বা বাহিনীর সদস্য থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান বলেন, "আটক ব্যক্তিদের মধ্যে সরকারি চাকরিজীবী কেউ আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।" তদন্তে এমন কাউকে পাওয়া গেলে তার পরিচয়সহ সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হবে।